আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে লেবাননের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল। তবে এই আলোচনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে কোনোভাবেই অন্তর্ভুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল লেটার।
শুক্রবার (১০ এপ্রিল) এক বার্তায় তিনি এই তথ্য নিশ্চিত করেন। হিজবুল্লাহকে বাদ দেওয়ার কারণ উল্লেখ করে মাইকেল লেটার বলেন, ‘ইসরায়েলের ওপর হিজবুল্লাহ তাদের হামলা অব্যাহত রেখেছে। মূলত দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পথে এই সংগঠনটিই এখন সবচেয়ে বড় বাধা।’
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শান্তি আলোচনার প্রাথমিক প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে একটি টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে। গুরুত্বপূর্ণ এই আলাপে বৈরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও অংশ নেন।
এদিকে, লেবাননের রাষ্ট্রপতির কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন মধ্যস্থতায় আগামী মঙ্গলবার ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দেশ দুটির চলমান উত্তেজনা নিরসন এবং একটি সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
সূত্র: বিবিসি
ইরান-যুক্তরাষ্ট্র গঠনমূলক আলোচনা করবে, আশাবাদী পাকিস্তান
