ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবি যুক্তরাজ্যের ৭৫ এমপির

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৭ এএম

গাজা, অধিকৃত পশ্চিম তীর এবং লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে দেশটির ওপর ‘ব্যাপক নিষেধাজ্ঞা’ আরোপের দাবি তুলেছেন যুক্তরাজ্যের একদল প্রভাবশালী সংসদ সদস্য। লেবার পার্টির এমপি রিচার্ড বার্গনের উত্থাপিত এই প্রস্তাবের পক্ষে এখন পর্যন্ত ৭৫ জন ব্রিটিশ এমপি স্বাক্ষর করে তাঁদের জোরালো সমর্থন জানিয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন।

সাংসদ রিচার্ড বার্গন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান, ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড স্পষ্টত আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এই বর্বরতা বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে কঠোর অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা এখন সময়ের দাবি। তিনি তার সহকর্মী আইনপ্রণেতাদের এই মানবিক ও ন্যায়সঙ্গত প্রস্তাবে আরও ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

এই ঐতিহাসিক প্রস্তাবে স্বাক্ষরকারীদের মধ্যে যুক্তরাজ্যের বেশ কয়েকজন হাই-প্রোফাইল রাজনীতিক রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক লেবার নেতা ও প্রভাবশালী বামপন্থী নেতা জেরেমি করবিন, স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) মুখপাত্র ব্রেন্ডান ও’হারা এবং ব্রিটিশ পার্লামেন্টের একমাত্র ফিলিস্তিনি বংশোদ্ভূত এমপি লায়লা মোরান।

মূলত গাজা ও লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচার হামলা এবং নজিরবিহীন মানবিক বিপর্যয় সৃষ্টির প্রেক্ষাপটে ব্রিটিশ সরকারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রস্তাবের মাধ্যমে ব্রিটিশ এমপিরা বিশ্বমঞ্চে ইসরায়েলের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি তুলছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে ইসরায়েল ইস্যুতে ক্রমবর্ধমান বিভাজন ও চাপকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। যদিও প্রস্তাবটি সরাসরি আইনে পরিণত হওয়া নির্ভর করছে ক্ষমতাসীন সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

সূত্র: দ্য ডন।

NB
আরও পড়ুন