ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার ইরানের

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১০:০৫ পিএম

ভারতের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত ও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্ককে ভবিষ্যৎ সহযোগিতার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতার ৭৯তম বার্ষিকী উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক বার্তায় পেজেশকিয়ান এ অঙ্গীকার করেন। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

বার্তায় ভারতের সরকার ও জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান ইরানের প্রেসিডেন্ট। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের ও বিস্তৃত সম্পর্ক আরও গভীর করার জন্য এ দিনটিকে একটি মূল্যবান সুযোগ হিসেবে উল্লেখ করেন তিনি।

পেজেশকিয়ান বলেন, ইরান ও ভারতের গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সভ্যতাগত বন্ধন এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ সম্পদ। অভিন্ন স্বার্থের ভিত্তিতে এসব সম্পর্ক দুই দেশের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ তৈরির সুযোগ সৃষ্টি করেছে বলেও উল্লেখ করেন তিনি।

ভারতের সঙ্গে বিস্তৃত সম্পর্ক জোরদারে তেহরানের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে পেজেশকিয়ান বলেন, পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও সুসংহত করতে ইরান কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তুত। দুই দেশের বিদ্যমান বিস্তৃত সক্ষমতাকে কাজে লাগিয়ে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

বার্তার শেষে ভারতের অব্যাহত সমৃদ্ধি, অগ্রগতি, কল্যাণ ও সুখ কামনা করেন ইরানের প্রেসিডেন্ট। একই সঙ্গে ইরান-ভারতের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুসংহত ও বিকশিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি

AS
আরও পড়ুন