বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা নিয়ে ধোঁয়াশা এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে জুন মাসে সরবরাহযোগ্য ‘ব্রেন্ট ক্রুড ফিউচার’-এর দাম ৪৫ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৮.৬৮ ডলারে পৌঁছেছে। এর আগের সেশনেও এর দাম ২.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

অন্যদিকে, জুন ডেলিভারির জন্য মার্কিন ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৮ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ৯৬.৯৬ ডলারে দাঁড়িয়েছে। আগের ট্রেডিং সেশনে এটি ২.১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

এদিকে ইরানের সঙ্গে চলমান গোপন ও স্পর্শকাতর কূটনৈতিক আলোচনা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কোনো তথ্য বিনিময় করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস বলেন, যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমের মাধ্যমে কোনো দরকষাকষি বা কূটনীতিতে বিশ্বাসী নয়।

বিবৃতিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন। আমেরিকান জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেই নিশ্চয়তা পেলেই কেবল ওয়াশিংটন চুক্তির পথে হাঁটবে।

YA
আরও পড়ুন