হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে বিশেষ বলয় প্রতিষ্ঠার ঘোষণা ইরানের

আপডেট : ০২ মে ২০২৬, ০১:১৪ পিএম

নিজেদের দক্ষিণ উপকূলীয় জলসীমায় নৌচলাচল নিয়ন্ত্রণে ‘নতুন নিয়ম’ ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও আরব উপসাগরীয় অঞ্চলের সমুদ্রপথে নিজের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতেই মূলত এ পদক্ষেপ নিয়েছে দেশটি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’র প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি নৌ শাখার কমান্ড থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, আরব উপসাগর থেকে শুরু করে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পর্যন্ত ইরানের প্রায় ২ হাজার কিলোমিটার উপকূলীয় এলাকায় বিশেষ নিয়ন্ত্রণ বলয় গড়ে তোলা হবে।

বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, এ পদক্ষেপের উদ্দেশ্য হলো, এ জলসীমাকে ‘ইরানের মানুষের জন্য গর্ব ও শক্তির উৎস’ এবং ‘এই অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির কেন্দ্র’ হিসেবে গড়ে তোলা।

প্রেস টিভি জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির দেওয়া এক নির্দেশনার পরদিন এই ঘোষণা এল। ওই নির্দেশনায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আরব উপসাগরকে লক্ষ্য করে নীলনকশা সাজাচ্ছে, সেসব বিদেশিদের জন্য এই অঞ্চলে কোনো জায়গা নেই, একমাত্র সমুদ্রের তলদেশ ছাড়া তাদের আর কোথাও ঠাঁই হবে না।

তথ্যসূত্র: গালফ নিউজ

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত