ট্রাম্পের উপদেশের প্রয়োজন নেই: জার্মানির ভাইস চ্যান্সেলর

আপডেট : ০২ মে ২০২৬, ০২:০৯ পিএম

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধকৌশল নিয়ে কড়া সমালোচনা করেছেন জার্মানির ভাইস চ্যান্সেলর লার্স ক্লিংবাইল।

আটলান্টিকের দুই পাড়ের মিত্রদের (ইউরোপ ও যুক্তরাষ্ট্র) মধ্যে কয়েক দিন ধরে চলা বিবাদের জেরে গতকাল শুক্রবার ক্লিংবাইল এ মন্তব্য করেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর বের্গকামেনে শ্রমিক দিবসের এক অনুষ্ঠানে লার্স ক্লিংবাইল বলেন, আমার মনে হয়, তিনি (ট্রাম্প) ভেবেছিলেন, এই যুদ্ধ দুই-তিন দিনের ব্যাপার, তারপর সব ঠিক হয়ে যাবে। এখন ইরানে এই যুদ্ধ দ্রুত শেষ করার দায়িত্ব তাঁরই।

এ সময় ক্লিংবাইল চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের পক্ষ নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক সমালোচনার জবাব দেন। ক্লিংবাইল বলেন, ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আমাদের কোনো উপদেশের প্রয়োজন নেই। নিজের তৈরি করা এই জগাখিচুড়ি পরিস্থিতির দিকে তাঁর তাকানো উচিত। তাঁর উচিত এখন ইরানে কার্যকর শান্তি আলোচনা নিশ্চিত করা।

ভাইস চ্যান্সেলর আরও বলেন, গত কয়েক দিন ধরে ডোনাল্ড ট্রাম্প জার্মান সরকার ও চ্যান্সেলরকে নিয়ে যেসব মন্তব্য করছেন, তার প্রেক্ষাপটেই আমি এসব কথা বলছি।

উল্লেখ্য, গত মঙ্গলবার ট্রাম্প দাবি করেন যে, চ্যান্সেলর মের্ৎস ইরানের পরমাণু অস্ত্র থাকাকে সমর্থন করেন। এর ফলে দুই মিত্র দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটে।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, মের্ৎস কী বলছেন তিনি নিজেও জানেন না। ট্রাম্পের দাবি, পারমাণবিক অস্ত্রের অধিকারী তেহরান পুরো বিশ্বকে ‘জিম্মি’ করে রাখবে। সূত্র: মিডল ইস্ট মনিটর

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত