আমি কথা বললে শ্বশুরবাড়ির লোকদের শুনতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ০২ মে ২০২৬, ০৭:১৪ পিএম

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে শনিবার (২ মে)  আয়োজিত জনসভায় বক্তব্য দিতে গিয়ে, 'আমি কথা বললে শ্বশুরবাড়ির লোকদের শুনতে হবে', এমন মন্তব্য করে  হাস্যরসের সৃষ্টি করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে একদিনের সরকারি সফরে সিলেটে পৌঁছান তিনি। সকালে বৃষ্টির মধ্যেই সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে সুধী সমাবেশে অংশ নেন।

দুপুরের দিকে কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

বক্তব্য চলাকালে নেতাকর্মীরা দুলাভাই বলে স্লোগান দিতে থাকলে তিনি হাস্যরস করে বলেন, 'দুলাভাইকে কথা বলতে না দিলে তো দুলাভাই চলে যাবে। যাব আমি? কথা বলব না যাব? কথা বলতে হলে চুপ করতে হবে।' এরপর তিনি আরও বলেন, 'আমি কথা বললে শ্বশুরবাড়ির লোকদের শুনতে হবে।'

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে তাদের জবাবদিহিতা জনগণের কাছেই। মানুষের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর কথা উল্লেখ করে তিনি জানান, পর্যায়ক্রমে এসব সুবিধা সারা দেশে পৌঁছে দেওয়া হবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে যোগ্য সব পরিবারকে এর আওতায় আনার লক্ষ্য রয়েছে।

এছাড়া ধর্মীয় নেতাদের ভাতা প্রদান ও খাল খনন কার্যক্রম শুরুর কথাও উল্লেখ করেন তিনি। শিল্প খাত পুনরুজ্জীবনে বন্ধ কারখানা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এতে কর্মসংস্থান বাড়বে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

AS
আরও পড়ুন