ইসরায়েলে একাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ

আপডেট : ০৩ মে ২০২৬, ০২:২৫ পিএম

ইসরায়েলের সীমান্তবর্তী বসতি আভিভিম লক্ষ্য করে একাধিক রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

রোববার (৩ মে) এই হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, হিজবুল্লাহর ছোড়া রকেটগুলোর মধ্যে একটি প্রতিহত করা সম্ভব হয়েছে এবং বাকিগুলো কোথায় আঘাত হেনেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই রকেট নিক্ষেপের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে এই হামলাকে হিজবুল্লাহর সঙ্গে হওয়া বিদ্যমান যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে ইসরায়েল।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়, যাতে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এই মৃত্যুর প্রতিশোধ নিতে যুদ্ধে যোগ দেয় হিজবুল্লাহ। পরবর্তীতে ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হলেও লেবানন সীমান্তে সংঘাত অব্যাহত থাকে। এরপর ইরানের চাপের মুখে ১৬ এপ্রিল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি করতে বাধ্য হয় ইসরায়েল।

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের অভিযান ও হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে হামলা বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে। এর প্রতিবাদে গত কয়েকদিন ধরে হিজবুল্লাহও নিয়মিতভাবে ড্রোন ও রকেট হামলা চালিয়ে পাল্টা জবাব দিচ্ছে। বিশেষ করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে হিজবুল্লাহর ড্রোন হামলা বর্তমানে তীব্র আকার ধারণ করেছে।

YA
আরও পড়ুন