বর্তমান প্রেক্ষাপটে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করা ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য সহায়ক হবে না বলে মনে করছেন দেশটির অধিকাংশ নাগরিক। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট (আইডিআই) নামক একটি থিংক ট্যাংকের সাম্প্রতিক জরিপে এই তথ্য উঠে এসেছে।
জরিপে দেখা গেছে, মোট উত্তরদাতার ৫৯ শতাংশ এই মুহূর্তে যুদ্ধ শেষ করার বিপক্ষে। বিশেষ করে ইহুদি উত্তরদাতাদের দুই-তৃতীয়াংশ মনে করেন, এখন যুদ্ধ বন্ধ করা ইসরায়েলের নিরাপত্তা স্বার্থের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। তবে ইসরায়েলি আরব নাগরিকদের মধ্যে এ নিয়ে তীব্র মতভেদ রয়েছে; তাদের প্রায় অর্ধেক মনে করেন যে যুদ্ধ শেষ করা ইসরায়েলের জন্য ইতিবাচক হবে। এছাড়া, জরিপে অংশগ্রহণকারী ৬২ শতাংশ মানুষ আশঙ্কা করছেন যে, ইসরায়েল ভবিষ্যতে আবারও ইরানের সঙ্গে বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়বে।
জরিপের একটি উল্লেখযোগ্য দিক হলো ইসরায়েলের প্রতিরক্ষা সিদ্ধান্তে মার্কিন প্রভাব। ৫১ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন যে, তাদের নিজস্ব সরকারের চেয়ে দেশটির প্রতিরক্ষা সিদ্ধান্তে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বেশি যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, ৭২ শতাংশ উত্তরদাতা যুক্তরাষ্ট্রে ইসরায়েল-বিরোধী মনোভাব বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
লেবানন প্রসঙ্গে জরিপটি জানায়, অধিকাংশ ইসরায়েলি হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করে কোনো স্থিতিশীল চুক্তিতে পৌঁছানোর বিষয়ে সন্দিহান। ইহুদি উত্তরদাতাদের মধ্যে প্রায় ৮০ শতাংশই মনে করেন, লেবানন সীমান্তে স্থায়ী শান্তি বা স্থিতিশীল চুক্তি হওয়ার সম্ভাবনা ক্ষীণ বা একেবারেই নেই। সূত্র: আলজাজিরা
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর ড্রোন হামলা