বিশ্বজুড়ে চলমান জ্বালানি অস্থিরতা ও সরবরাহ সংকট থেকে দেশের অর্থনীতিকে রক্ষা করতে ১০ বিলিয়ন অস্ট্রেলীয় ডলারের (প্রায় ৭.২২ বিলিয়ন মার্কিন ডলার) একটি বিশাল প্যাকেজ ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। এই প্রকল্পের আওতায় একটি সরকারি মালিকানাধীন জ্বালানি রিজার্ভ গড়ে তোলা হবে।
প্রধানমন্ত্রী অ্যালবানিজ এক সংবাদ সম্মেলনে জানান, এই রিজার্ভে প্রায় ১০০ কোটি লিটার (২৬৪ মিলিয়ন গ্যালন) জ্বালানি মজুত করা হবে। এর ফলে অস্ট্রেলিয়ার উপকূলে অন্তত ৫০ দিনের জ্বালানি মজুত নিশ্চিত হবে, যা ভবিষ্যতের যেকোনো বড় ধরনের সরবরাহ বিপর্যয় মোকাবিলায় দেশটিকে সক্ষম করে তুলবে।
তিনি আরও বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আমাদের জ্বালানি সার্বভৌমত্ব রক্ষা করা। শুধুমাত্র বর্তমান সংকটের জন্য নয়, বরং ভবিষ্যতে আমাদের জাতীয় জ্বালানি স্বার্থ রক্ষায় এটি অস্ট্রেলীয়দের মনে আত্মবিশ্বাস জোগাবে। এই রিজার্ভ মূলত আঞ্চলিক সংকট এবং জরুরি পরিষেবার জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ব্যবহৃত হবে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া তার প্রয়োজনীয় জ্বালানির প্রায় ৮০ শতাংশই আমদানি করে। বর্তমানে হরমুজ প্রণালিতে চলমান নৌ-অবরোধের কারণে বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ সীমিত হয়ে পড়ায় অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে। এই নাজুক পরিস্থিতি কাটিয়ে উঠতেই দেশটির সরকার নিজস্ব রিজার্ভ গড়ে তোলার এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিল। সূত্র: আলজাজিরা
চীন সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী, আলোচনায় হরমুজ প্রণালি ও যুদ্ধবিরতি