টঙ্গীতে চাঁদাবাজি মামলায় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৯:১২ পিএম

টঙ্গীর বিসিক শিল্প এলাকায় চাঁদা দাবি ও ত্রাস সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানি (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) মধ্যরাতে টঙ্গীর মিরাশপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মিরাশপাড়া এলাকার মো. ওমর আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ২৮ জুন টঙ্গী শিল্পাঞ্চলের পাগার এলাকায় দেশীয় অস্ত্রসহ শতাধিক মোটরসাইকেলের মহড়ার ঘটনায় দায়ের করা মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিল্লাল হোসেন সানিকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পূর্ব থানার পুলিশ জানায়, এ মামলায় এ পর্যন্ত মোট ১৯ জন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে মঙ্গলবার দুপুর ১টার দিকে গ্রেফতারকৃত বিল্লাল হোসেন সানিকে আদালতে পাঠানোর সময় ভিডিও ধারণ করতে গেলে পুলিশের উপস্থিতিতে তার কয়েকজন অনুসারী সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

MCH/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত