'ট্রাম্পের ইরান চুক্তি দুর্বল, তবে যুদ্ধ বাড়ানোর চেয়ে ভালো'

আপডেট : ২৪ মে ২০২৬, ১২:৫৩ পিএম

ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিটিকে একটি দুর্বল চুক্তি হিসেবে আখ্যায়িত করেছেন ইসরায়েলে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান শাপিরো। তবে একই সাথে তিনি উল্লেখ করেছেন যে, যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অন্যান্য বিকল্পগুলোর তুলনায় এটিই ডোনাল্ড ট্রাম্পের জন্য সবচেয়ে কম ক্ষতিকর বা ‘মন্দের ভালো’ একটি সিদ্ধান্ত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ড্যান শাপিরো তাঁর এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতির সমালোচনা করে বলেন, এই যুদ্ধটি সব দিক থেকেই ছিল একটি হঠকারী ও ভুল পরিকল্পনা। এর কোনো সুনির্দিষ্ট কৌশলগত লক্ষ্য ছিল না এবং যে সমস্ত লক্ষ্যের কথা বলা হয়েছিল, গ্রহণযোগ্য খরচের মধ্যে তার বেশিরভাগই অর্জন করার কোনো উপায় ছিল না।

সাবেক এই মার্কিন কূটনীতিক মনে করেন, বর্তমানে যে চুক্তির কথা শোনা যাচ্ছে, তা ট্রাম্পের সামনে থাকা তুলনামূলক কম ভয়াবহ বিকল্পগুলোর অন্যতম।

তিনি বলেন, অন্ততপক্ষে তিনি (ট্রাম্প) যুদ্ধকে আরও বাড়িয়ে দেওয়ার পথ বেছে নেননি, যা করা হলে বিশ্বজুড়ে আরও বড় ধরনের অর্থনৈতিক সংকট তৈরি হতে পারত।

তবে চুক্তির দুর্বল দিকগুলো তুলে ধরে ড্যান শাপিরো হতাশা প্রকাশ করেন। তিনি জানান, এই চুক্তির মাধ্যমে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা মধ্যপ্রাচ্যে তেহরানের আঞ্চলিক মিত্রদের যে নেটওয়ার্ক বা বলয় রয়েছে, তার কোনোটির ওপরই মার্কিন যুক্তরাষ্ট্র কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। মার্কিন স্বার্থের দিক থেকে বিবেচনা করলে এই সম্ভাব্য চুক্তিটি একটি "অন্ধকার দিন" বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন