শিশুদের টিফিন, পরিবারের সকালের নাশতা কিংবা দুপুরের খাবারের পর খাদ্যতালিকায় থাকে পেয়ারা, কলা, পেঁপে, আম ও আনারসের মতো ফল। পুষ্টিগুণের কথা বিবেচনায় নিয়ে এসব ফল কিনে খাচ্ছেন ফটিকছড়িসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার মানুষ।
তবে এসব ফলের নমুনায় ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতি শনাক্ত হওয়ার তথ্য সামনে আসায় ফলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
গবেষণায় চট্টগ্রামের বাজার ও সুপারশপ থেকে সংগ্রহ করা পাঁচ ধরনের ফলের নমুনায় পারদ, সিসা, আর্সেনিক, ক্যাডমিয়াম ও ক্রোমিয়ামের উপস্থিতি পেয়েছেন গবেষকেরা। কোনো কোনো নমুনায় এসব ধাতুর মাত্রা নির্ধারিত নিরাপদ সীমার কয়েক গুণ বেশি। এর মধ্যে একটি পেয়ারা নমুনায় পারদের পরিমাণ পাওয়া গেছে অনুমোদিত সীমার প্রায় ২৩ গুণ এবং কলার একটি নমুনায় প্রায় ১৬ গুণ।
গবেষণার এ তথ্য নতুন করে প্রশ্ন তুলেছে ফটিকছড়ির ফলের বাজারের নিরাপত্তা নিয়ে। উপজেলার নাজিরহাট, বিবিরহাট, ফটিকছড়ি সদরসহ বিভিন্ন বাজারে প্রতিদিন বিক্রি হচ্ছে নানা জাতের দেশি-বিদেশি ফল। এসব ফলের বড় একটি অংশ আসে চট্টগ্রামের বিভিন্ন পাইকারি আড়ত থেকে। পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে সেগুলো পৌঁছায় স্থানীয় খুচরা বাজারে।
পাশাপাশি ফটিকছড়ির বিভিন্ন এলাকায় উৎপাদিত এবং পার্শ্ববর্তী খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চল থেকে আসা ফলও স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে।
অভিযোগ রয়েছে, পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ফল উৎপাদনে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। তবে এসব ফলের উৎপাদন ও বাজারজাতকরণ পর্যায়ে রাসায়নিকের ব্যবহার কিংবা ভারী ধাতুর উপস্থিতি নিয়ে ফটিকছড়ির বাজারে নিয়মিত পরীক্ষার তথ্য পাওয়া যায়নি।
ফলে পুষ্টির চাহিদা মেটাতে প্রতিদিন যে ফল কিনছেন সাধারণ মানুষ, সেগুলো আসলে কতটা নিরাপদ তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, অনেক কৃষক ব্লকে নিয়োজিত উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ না মেনে কীটনাশক বিক্রেতাদের কথামতো কীটনাশক প্রয়োগ করেন। প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদন ও বিক্রি বাড়াতে কোনো কোনো ক্ষেত্রে একাধিক কোম্পানির কীটনাশকও ব্যবহার করা হয়। এতে পরিবেশ দূষণের পাশাপাশি খাদ্যে কীটনাশকের অবশিষ্টাংশ থাকার ঝুঁকি তৈরি হয়।
এর আগে দেশের শাকসবজিতে কীটনাশকের অবশিষ্টাংশের উপস্থিতি নিয়েও উদ্বেগজনক তথ্য রয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) গবেষকেরা ২০২৪ সালে দেশের আটটি অঞ্চলের বাজার থেকে বেগুন ও শিমের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন।
গবেষণায় ২৬টি বেগুনের নমুনার মধ্যে ১৫টিতে কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যায়। এর মধ্যে সাতটি নমুনায় অবশিষ্টাংশের মাত্রা সর্বোচ্চ অবশিষ্টাংশসীমা (এমআরএল) অতিক্রম করে। নমুনাগুলোতে সাইপারমেথ্রিন, ডায়াজিনন ও কুইনালফসের উপস্থিতি শনাক্ত হয়।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অ্যাপ্লাইড ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়েশা বেগমের নেতৃত্বে ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত এ গবেষণা পরিচালিত হয়।
গবেষকেরা পেয়ারা, কলা, আম, পেঁপে ও আনারসের মোট ৪৫টি নমুনা সংগ্রহ করেন। নমুনাগুলো নেওয়া হয় চট্টগ্রামের স্থানীয় ফলের বাজার, সুপারশপ এবং রাঙামাটির পাহাড়ি উৎপাদন এলাকা থেকে।
পরীক্ষায় পাঁচ ধরনের ফলের নমুনায় পারদ, সিসা, আর্সেনিক, ক্যাডমিয়াম ও ক্রোমিয়ামের উপস্থিতি শনাক্ত করা হয়। কয়েকটি নমুনায় এসব ভারী ধাতুর মাত্রা নির্ধারিত নিরাপদ সীমা ছাড়িয়ে যায়।
গবেষণার তথ্য অনুযায়ী, পাঁচ ধরনের ফলের মধ্যে গড়ে সবচেয়ে বেশি ক্রোমিয়াম পাওয়া গেছে আমে। প্রতি কেজিতে আমে ১ দশমিক ৩৯৯ মিলিগ্রাম, পেঁপেতে ১ দশমিক ২৬৮, পেয়ারায় ১ দশমিক ২০০, কলায় ১ দশমিক ০৬৭ এবং আনারসে দশমিক ৮৬৯ মিলিগ্রাম ক্রোমিয়াম পাওয়া গেছে।
চট্টগ্রামের সুপারশপ থেকে সংগ্রহ করা আমের একটি নমুনায় প্রতি কেজিতে ক্রোমিয়ামের পরিমাণ ছিল ১ দশমিক ৯৫৮ মিলিগ্রাম।
গবেষণায় তাজা ফলে পারদের অনুমোদিত সর্বোচ্চ মাত্রা প্রতি কেজিতে দশমিক ০৩ মিলিগ্রাম ধরা হয়েছে। সেই হিসাবে সুপারশপের একটি পেয়ারা নমুনায় প্রতি কেজিতে দশমিক ৬৯১ মিলিগ্রাম পারদ পাওয়া গেছে। কলার একটি নমুনায় পাওয়া গেছে দশমিক ৪৭৮ মিলিগ্রাম।
এ ছাড়া রাঙামাটির উৎপাদন এলাকা থেকে সংগ্রহ করা পেয়ারায় প্রতি কেজিতে ১ দশমিক ৬৮৭ মিলিগ্রাম সিসা পাওয়া গেছে। চট্টগ্রামের সুপারশপের পেয়ারায় আর্সেনিক পাওয়া গেছে দশমিক ২৭২ মিলিগ্রাম এবং রাঙামাটির পেয়ারায় ক্যাডমিয়াম পাওয়া গেছে দশমিক ০৭৪ মিলিগ্রাম।
ফল খাওয়ার মাধ্যমে মানুষের শরীরে এসব ধাতুর সম্ভাব্য প্রভাবও বিশ্লেষণ করেছেন গবেষকেরা। এতে কয়েকটি ফলের নমুনায় একাধিক ভারী ধাতুর সম্মিলিত ঝুঁকি সূচক নির্ধারিত নিরাপদ সীমার ওপরে পাওয়া গেছে।
সুপারশপের পেয়ারা নমুনায় এ সূচক ছিল ৫ দশমিক ০৮৬, কলায় ২ দশমিক ৭৯২ এবং স্থানীয় বাজারের পেঁপেতে ২ দশমিক ৫৬৫। সব ফল ও ধাতুর নমুনা মিলিয়ে সম্মিলিত ঝুঁকি সূচক পাওয়া গেছে ২৪ দশমিক ৬০২। এর মধ্যে পারদের অবদান ৬৫ দশমিক ৭ শতাংশ।
গবেষণায় ক্রোমিয়াম থেকে সম্ভাব্য ক্যানসারঝুঁকির বিষয়টিও মূল্যায়ন করা হয়েছে।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম বলেন, ফলমূল শরীরের জন্য উপকারী। তবে কীটনাশকের ক্ষতিকর অবশিষ্টাংশযুক্ত খাবার দীর্ঘদিন গ্রহণ করলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী এবং দীর্ঘদিন রাসায়নিকের সংস্পর্শে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।
তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন পর্যায় থেকেই অতিরিক্ত কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। শুধু বাজারে ফল পৌঁছানোর পর পরীক্ষা করলেই হবে না,কৃষকদের সঠিক পদ্ধতিতে কীটনাশক প্রয়োগ এবং নির্ধারিত অপেক্ষাকাল মেনে চলা নিশ্চিত করাও জরুরি।
তবে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ও বিবিরহাট বাজারের একাধিক ফল ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, এসব বাজারে বিভিন্ন উৎস থেকে ফল সরবরাহ করা হয়। তবে ফলগুলো কোথায় উৎপাদিত হচ্ছে, উৎপাদনের সময় কী ধরনের রাসায়নিক ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে এবং পরিবহনের সময় কীভাবে সংরক্ষণ করা হচ্ছে—এসব বিষয়ে তাদের কাছেও পর্যাপ্ত তথ্য নেই। ফলে বাজারে বিক্রি হওয়া ফলের উৎপাদন ও সংরক্ষণপ্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না সাধারণ ক্রেতারা।
ফটিকছড়ি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ফলে ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। সিভাসুর গবেষণায় যেসব ফলে অনুমোদিত মাত্রার বেশি ভারী ধাতু পাওয়া গেছে, সেগুলো স্বীকৃত পরীক্ষাগারে পুনরায় পরীক্ষা করা জরুরি। পাশাপাশি ফলের নমুনার সঙ্গে মাটি, সেচের পানি ও কৃষি উপকরণ পরীক্ষা করে দূষণের উৎস শনাক্ত করতে হবে।
গবেষণাটির তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. আয়েশা বেগম বলেন, চট্টগ্রামের ফল সরবরাহ শৃঙ্খলে ভারী ধাতুর উপস্থিতি ও সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নিয়ে এ গবেষণা একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক ভিত্তি বা বেজলাইন তথ্য। উৎপাদনস্থল থেকে শুরু করে স্থানীয় বাজার ও সুপারশপ সব পর্যায়ে ফল ও সরবরাহব্যবস্থার ওপর নিয়মিত নজরদারি জোরদার করা জরুরি, যাতে ভোক্তারা নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন ও সুরক্ষিত থাকতে পারেন।
একটানা হাঁটার চেয়ে প্রতি ঘণ্টায় ৫ মিনিট হাঁটা বেশি উপকারী, বলছে গবেষণা
লেজার লাইটের প্রলোভনে শিশু অপহরণ, ১৫ দিন আটকে রেখে মারধর করেন ইমাম
জেনসেন হুয়াংকে ক্ষমা করার সুযোগ সব সময় আছে, তবে প্রয়োজন হবে না: ট্রাম্প
ঈদগাঁওয়ে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩