রামিসা হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল

আপডেট : ২৪ মে ২০২৬, ০৪:২৩ পিএম

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় মাত্র ৫ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। এতে প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হয়েছে।

রোববার (২৪ মে) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই চার্জশিট জমা দেন। চাঞ্চল্যকর এই মামলায় মোট ১৫ জনকে সাক্ষী করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধান আসামি সোহেল রানা ইতোমধ্যে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যেখানে তিনি রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা কবুল করেছেন। এই কাজে তাকে সরাসরি সহায়তা করার অভিযোগে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, আজই চার্জশিট দাখিল করা হচ্ছে এবং সরকার এই অপরাধের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও ঘোষণা করেন যে, আগামী ৫ থেকে ৭ কার্যদিবসের মধ্যে এই মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীর নিজ বাসা থেকে রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর ২০ মে প্রধান আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী নিহত রামিসার পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাসায় যান এবং দ্রুততম সময়ে ন্যায়বিচারের আশ্বাস দেন। আলোচিত এই মামলার তদন্ত ও চার্জশিট দাখিলের এই অভাবনীয় গতি বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে একটি বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে।

FJ
আরও পড়ুন