পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান লেখেন, ‘ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার পথনির্দেশনা আর আত্মশুদ্ধির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। এই উৎসব শুধু নিছক আনন্দের নয়; এটি মহান স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন আর ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে।’
হজরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান ও সর্বোচ্চ আত্মত্যাগের মহিমান্বিত ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘এই অনন্য দৃষ্টান্তই ঈদুল আজহাকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে এত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ করে তুলেছে।’
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, এই পবিত্র দিনে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছেন যেন দেশ ও বিশ্বের সকল মুসলমানের ত্যাগ ও কোরবানি কবুল হয়। একই সাথে তিনি সমগ্র মানবজাতির সুখ, শান্তি, নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতা কামনা করেন।
পোস্টের শেষাংশে দেশবাসীর কল্যাণ কামনা করে প্রধানমন্ত্রী দোয়া করেন, ‘আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তাঁর অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে। সবাইকে ঈদ মোবারক!’
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না পাকিস্তান
কোরবানির চামড়ার বাজারে ধস, নেপথ্যে বড় ৫ কারণ