যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধ ও নিষেধাজ্ঞার কারণে কিউবার স্বাস্থ্যব্যবস্থা গুরুতর সংকটে পড়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়েসুস। এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, জ্বালানি ও চিকিৎসাসামগ্রীর সংকট বিশেষ করে শিশুদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কিউবার রাজধানী হাভানায় তিন দিনের সফরের অংশ হিসেবে কয়েকটি স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন তেদরোস। এ সময় তিনি বলেন, জ্বালানি সরবরাহে বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা আরও কঠোর হওয়ায় কিউবার সাধারণ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সমাজের দুর্বল জনগোষ্ঠী।
সফরকালে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটির প্রধান জানান, কিউবার জাতীয় টিকাদান কর্মসূচি শক্তিশালী করা এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহে ডব্লিউএইচও ২০ লাখ ডলার সহায়তা দেবে।
জাতিসংঘ দীর্ঘদিন ধরেই কিউবার ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। সংস্থাটির বক্তব্য, যুক্তরাষ্ট্রের অবরোধ আন্তর্জাতিক আইন এবং কিউবার নাগরিকদের মানবাধিকারের পরিপন্থী।
কিউবা সরকারের দাবি, যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের কারণে দেশটিতে প্রতিদিন ২০ ঘণ্টা বা তারও বেশি সময় বিদ্যুৎ থাকছে না। একই সঙ্গে ওষুধ ও অস্ত্রোপচারের প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়ছে স্বাস্থ্যসেবার বিভিন্ন সূচকেও, যার মধ্যে শিশুমৃত্যুর হার অন্যতম।
মঙ্গলবার কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেলের সঙ্গে বৈঠক করেন তেদরোস। বৈঠকে দেশটির স্বাস্থ্য খাতের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তেদরোস জানান, জরুরি স্বাস্থ্যসেবা ও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে তাঁরা একমত হয়েছেন। বিশেষ করে শিশুদের স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি।
তেদরোস আরও বলেন, জ্বালানি সরবরাহে বিধিনিষেধ এবং চিকিৎসাসামগ্রী কেনার ক্ষেত্রে আরোপিত নিষেধাজ্ঞা কিউবার সেই স্বাস্থ্যব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে, যা দেশটির চিকিৎসকেরা কয়েক দশক ধরে গড়ে তুলেছেন।
কমেছে কিউবানদের গড় আয়ু
সংবাদ সম্মেলনে তেদরোস জানান, কিউবার মানুষের গড় আয়ু ২০২০ সালের ৭৮ দশমিক ৮ বছর থেকে কমে ২০২৫ সালে ৭৪ দশমিক ৪ বছরে দাঁড়িয়েছে। ১৯৫০ সালে এ-সংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর এই প্রথম দেশটির গড় আয়ু কমার ঘটনা ঘটেছে।
তবে ২০২৫ সালের এই পরিসংখ্যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্বালানি অবরোধ ও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আগের সময়ের। চলতি বছরের জানুয়ারিতে কিউবার কয়েকজন কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। একই সঙ্গে জ্বালানি সরবরাহেও অবরোধ আরোপ করা হয়।
যুক্তরাষ্ট্রের দাবি, কিউবায় রাজনৈতিক পরিবর্তন আনতেই জ্বালানি অবরোধ দেওয়া হয়েছে। তবে দেশটির বক্তব্য, খাদ্য ও ওষুধ রপ্তানির ক্ষেত্রে আইনি ছাড় রয়েছে।
এদিকে কিউবার ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতিবছর একটি অ-বাধ্যতামূলক প্রস্তাব উত্থাপন করা হয়। ১৯৯২ সাল থেকে প্রতিবছরই বিপুল ভোটে কিউবার পক্ষে প্রস্তাবটি পাস হয়ে আসছে।
সূত্র: আল-জাজিরা
রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলা, পুতিনের পাল্টা জবাবের হুঁশিয়ারি
জানুয়ারি পর্যন্ত ইরান যুদ্ধ চালানোর অর্থ আছে, দাবি ট্রাম্পের
মশা নিধন ছাড়াই ডেঙ্গু প্রতিরোধের নতুন পদ্ধতি, ব্রাজিলে সফল পরীক্ষা