খবর সংযোগ ডেস্ক: সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বৈঠক করেছেন। বৈঠকে ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিলে শর্তসাপেক্ষে সম্মতি জানায় সৌদি আরব। বুধবার (৭ জুন) বন্দরনগরী জেদ্দায় দুই নেতার দ্বিপাক্ষিক ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
সৌদি আরব নিজেদের বেসামরিক পারমাণবিক প্রকল্প চালু, এর বাস্তবায়নে মার্কিন সহযোগিতা ও এ সংক্রান্ত নিরাপত্তা নিশ্চয়তার বিনিময়ে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছে।
এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজের সঙ্গে ব্লিঙ্কেন ১ ঘণ্টা ৪০ মিনিটের বৈঠক করেন বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। ওয়াশিংটন মনে করে, কয়েকদফা আলোচনার মাধ্যমে ইসরাইলের সাথে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হবে এবং এ অঞ্চলে ক্রমবর্ধমান রুশ ও চীনা আধিপত্য কমবে।
মঙ্গলবার গভীর রাতে সৌদি আরব এসে পৌঁছান ব্লিঙ্কেন। বেশ কয়েক মাস ধরে ইরাননীতি, আঞ্চলিক নিরাপত্তা, তেলের দাম ও মানবাধিকারসহ বেশ কয়েকটি বিষয়ে মতভেদের কারণে দুই দেশের কূটনীতিক সম্পর্কে টানাপড়েন চলছে। সূত্র: রয়টার্স।

