মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাল ইরান

আপডেট : ২৮ মে ২০২৬, ০২:১৩ পিএম

মার্কিন হামলার পাল্টা জবাব দেয়ার ঘোষণা দিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) শত্রুপক্ষকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানে বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনমূলক পদক্ষেপের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার ভোরে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে মার্কিন বাহিনী হামলা চালানোর পর আইআরজিসি এই কথা জানায়।

আইআরজিসির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন সামরিক বাহিনী বিমান থেকে বন্দর আব্বাস বিমানবন্দরের উপকণ্ঠে একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে বৃহস্পতিবারের প্রথম প্রহরেই আইআরজিসি পাল্টা আঘাত হানে এবং যে মার্কিন বিমান ঘাঁটি থেকে ইরানের ওপর হামলা চালানো হয়েছিল, ঠিক সেই ঘাঁটি লক্ষ্য করে নতুন করে হামলা পরিচালনা করে। 

এলিট এই সামরিক বাহিনী জানিয়েছে, এই পাল্টা আক্রমণ শত্রুদের জন্য একটি গুরুতর সতর্কবার্তা, যাতে তারা বুঝতে পারে যে তাদের কোনো আগ্রাসনই জবাবহীন থাকবে না। একই সাথে তারা সতর্ক করেছে যে, শত্রু যদি আবারও এ ধরনের ধৃষ্টতা দেখায় তবে এর চেয়েও ‘আরও বেশি নিষ্পত্তিমূলক’ প্রতিক্রিয়া জানানো হবে এবং এর ফলশ্রুতিতে যেকোনো পরিণতির জন্য আক্রমণকারী দেশ নিজেই দায়ী থাকবে।

অন্যদিকে, আঞ্চলিক এই চরম উত্তেজনার মধ্যে কুয়েতের সশস্ত্র বাহিনী গভীর রাতে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার ঘোষণা দিয়েছে। শত্রুভাবাপন্ন দেশ থেকে আসা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হুমকি মোকাবেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কুয়েত জানিয়েছে। তবে এই হামলাগুলো ঠিক কোথা থেকে চালানো হয়েছিল সে বিষয়ে কুয়েত সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি। দেশটির সামরিক বাহিনী কুয়েতি নাগরিকদের আশ্বস্ত করে বলেছে, যেকোনো ধরনের বিস্ফোরণের শব্দ মূলত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করার কারণেই শোনা যেতে পারে।

সূত্র: প্রেস টিভি

 

NB
আরও পড়ুন