যুক্তরাষ্ট্রকে ভিয়েতনামের কড়া বার্তা

বিশ্বকে হুমকি দিয়ে চালানো যায় না 

আপডেট : ৩১ মে ২০২৬, ০১:৫৬ এএম

বিশ্বব্যবস্থা টিকিয়ে রাখতে কোনো দেশের ওপর চাপ প্রয়োগ, জবরদস্তি বা একতরফা নীতি কোনো সমাধান হতে পারে না বলে মন্তব্য করেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট টো লাম। 

আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন আধিপত্য ও একতরফা নীতির পরোক্ষ সমালোচনা করে তিনি বলেন, বৈশ্বিক শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার মূল ভিত্তি হওয়া উচিত সংলাপ, আত্মসংযম এবং পারস্পরিক সমঝোতা।

ইরানি সংবাদমাধ্যম আইআরআইবি-এর বরাত দিয়ে পার্সটুডে জানায়, সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের বৈশ্বিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে ভিয়েতনামী প্রেসিডেন্ট এসব কথা বলেন।

সংলাপ ও আন্তর্জাতিক আইনের ওপর জোর

সম্মেলনে প্রেসিডেন্ট টো লাম বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের কার্যকারিতার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন:

‘আন্তর্জাতিক ব্যবস্থা জবরদস্তি, একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কিংবা শক্তি প্রয়োগের হুমকির মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে না। এর জন্য প্রয়োজন আইনের শাসন, আলোচনার সংস্কৃতি, পারস্পরিক ছাড় এবং দায়িত্বশীল আচরণ।’

এশিয়ায় আমেরিকার ‘ইতিবাচক’ ভূমিকা চান টো লাম

বক্তব্যে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানের বিষয়েও কথা বলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট। তিনি স্পষ্ট করেন যে, এই অঞ্চলের দেশগুলো কেবল মার্কিন উপস্থিতি দেখতে চায় না, বরং ওয়াশিংটনের কাছ থেকে আরও দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করে।

তিনি জোর দিয়ে বলেন, ‘এই অঞ্চল শুধু আমেরিকার বাহ্যিক উপস্থিতি নয়, বরং তাদের দায়িত্বশীল অঙ্গীকার ও ইতিবাচক ভূমিকা দেখতে চায়।’

বিশ্লেষকদের মতে, দক্ষিণ-চীন সাগর এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূ-রাজনীতি যখন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে, তখন ভিয়েতনামের প্রেসিডেন্টের এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। 

শক্তি প্রদর্শনের চেয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই যে অঞ্চলটির দীর্ঘমেয়াদী শান্তি সম্ভব—তারই বার্তা দিলেন টো লাম।

HN
আরও পড়ুন