সিলেটে বেড়াতে গিয়ে উত্ত্যক্তের শিকার, ফেসবুকে ভিডিও দিলেন তরুণী

আপডেট : ৩১ মে ২০২৬, ০৫:০৫ পিএম

সিলেটের গোয়াবাড়ি এলাকার একটি চা–বাগানে ঘুরতে গিয়ে এক তরুণী উত্ত্যক্তের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

অভিযোগকারী তরুণী ঢাকার বাসিন্দা এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শনিবার (৩০ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, তিনি চা–বাগান এলাকায় ঘুরে বেড়ানোর সময় কয়েকজন তরুণ তাকে অনুসরণ করছেন। ভিডিওতে দেখা যায়, ওই তরুণরা তার পেছনে পেছনে হাঁটছেন এবং বিভিন্নভাবে বিরক্ত করছেন।

তরুণীর দাবি, প্রায় এক কিলোমিটার পথজুড়ে তাকে অনুসরণ করা হয়। এ সময় তার সঙ্গে থাকা দুই ছোট বোনও পরিস্থিতির কারণে আতঙ্কিত ও অস্বস্তিতে পড়ে। দীর্ঘ সময় ধরে এ ঘটনা চললেও আশপাশে উপস্থিত কেউ এগিয়ে এসে প্রতিবাদ বা হস্তক্ষেপ করেননি বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার বর্ণনা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তরুণী ক্ষোভ প্রকাশ করে লেখেন, এ ধরনের অভিজ্ঞতার পর তিনি আর কাউকে গর্ব করে সিলেট ভ্রমণের পরামর্শ দিতে পারবেন না। তার মতে, একজন পর্যটকের জন্য এমন পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক ও বিব্রতকর।

এদিকে ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, ভিডিওটি তাদের নজরে আসেনি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই পর্যটকদের নিরাপত্তা এবং ভ্রমণস্থলে নারীদের প্রতি আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত