টেকনাফে ডেঙ্গু কেড়ে নিলো স্কুলশিক্ষকের প্রাণ

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৪:৪৫ পিএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কক্সবাজারের টেকনাফ ইডেন স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের শিক্ষক মঞ্জুর আলম সোহাগ (৩০) মারা গেছেন।

মঙ্গলবার (৯ জুন) সকাল ৭টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

টেকনাফ ইডেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু তাহের বিষয়টি নিশ্চিত করে জানান, মঞ্জুর আলম সোহাগ কলেজটির গণিত বিভাগের শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত মঞ্জুর আলম সোহাগ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা এবং জাফর আলমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ-ছয় দিন আগে থেকে তিনি জ্বর, শরীরব্যথা ও মাথাব্যথায় ভুগছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

গত ৪ জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে সোহাগ লিখেছিলেন, সম্মানিত ফেসবুক বন্ধুরা, সবাই আমাকে ক্ষমা করে দিও এবং আমার জন্য দোয়া করিও। প্রচণ্ড জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা ইত্যাদি।

সোহাগের বাবা জাফর আলম বলেন, আমার ছেলে কয়েক দিন ধরে অসুস্থ ছিল। পরে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হতে থাকে। আজ সকালে সে আমাদের ছেড়ে চলে গেছে। সবাই তার জন্য দোয়া করবেন।

মঞ্জুর আলম সোহাগ শাহপরীরদ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

তার বন্ধু ও সহপাঠী সাদেকুল ইসলাম মাহেল বলেন, সোহাগ আমাদের বন্ধুদের মধ্যে অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও অমায়িক একজন মানুষ ছিল। সে শুধু একজন ভালো বন্ধুই নয়, বরং পরোপকারী একজন মানুষও ছিল। তার অকাল মৃত্যু আমাদের হৃদয়ে এক বিশাল শূন্যতা তৈরি করেছে। আমরা গভীরভাবে শোকাহত।

এদিকে, মঞ্জুর আলম সোহাগের মৃত্যুতে টেকনাফ ইডেন স্কুল অ্যান্ড কলেজ পরিবার গভীর শোক প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

MCH
আরও পড়ুন