মাথাপিছু আয়ে নতুন মাইলফলকে বাংলাদেশ

আপডেট : ১১ জুন ২০২৬, ০৮:৩২ এএম

বৈশ্বিক অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও দেশের অর্থনীতিতে একটি বড় মাইলফলক অর্জিত হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় ৩ হাজার মার্কিন ডলারের গণ্ডি অতিক্রম করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক সাময়িক হিসাবে এই ইতিবাচক চিত্র উঠে এসেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে দেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০ মার্কিন ডলারে। টাকার অঙ্কে এর পরিমাণ ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৬৯ ডলার বা ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে ২৫১ ডলার বা ৩৪ হাজার ৩৬২ টাকা।

মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও গতি ফিরেছে। বিবিএসের হিসাব মতে, ২০২৫-২৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ। আগের অর্থবছরে এই প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ।

একই সাথে দেশের সামগ্রিক অর্থনীতির আকারও এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বর্তমান বাজার মূল্য অনুযায়ী, বাংলাদেশের জিডিপির মোট আকার দাঁড়িয়েছে ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা, যা মার্কিন ডলারে হিসাব করলে দাঁড়ায় প্রায় ৫০১ বিলিয়ন ডলার। এর আগের অর্থবছরে অর্থনীতির এই আকার ছিল ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা বা প্রায় ৪৫৬ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদদের মতে, বিশ্বজুড়ে চলমান নানা অর্থনৈতিক সংকটের মধ্যেও মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়ানো এবং দেশের মোট অর্থনীতি ৫০০ বিলিয়ন ডলারের ক্লাব স্পর্শ করা বাংলাদেশের জন্য একটি বড় এবং ইতিবাচক অর্জন। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামীতে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত হবে।

SN
আরও পড়ুন