রেকর্ড ভাঙার পথে রেমিট্যান্স: ২৩ দিনেই এলো যত টাকা

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৯:৩৬ পিএম

দেশের অর্থনীতিতে সুবাতাস বইয়ে দিচ্ছেন প্রবাসীরা। বিদায়ী মে মাসের রেকর্ড গড়া রেমিট্যান্সের পর চলতি জুন মাসেও প্রবাসী আয়ের প্রবাহে গতি ধরে রেখেছেন তারা। চলতি জুন মাসের প্রথম ২৩ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২২৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৭ হাজার কোটি টাকারও বেশি। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৭৩ লাখ ডলার।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্সের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত বছরের জুনের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেশ চাঙ্গা। গত ২০২৪ সালের জুনের প্রথম ২৩ দিনে দেশে ২২০ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। অর্থাৎ, বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে দৃশ্যমান প্রবৃদ্ধি হয়েছে।

এদিকে, চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্সে বড় ধরনের উল্লম্ফন লক্ষ্য করা গেছে। চলতি অর্থবছরের জুলাই থেকে শুরু করে গত ২৩ জুন (মঙ্গলবার) পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪৯৯ কোটি ৫০ লাখ ডলার। এর আগের অর্থবছরে (২০২৪-২৫) একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৯৭১ কোটি ৫০ লাখ ডলার। সেই তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৮০ শতাংশ।

উল্লেখ্য, এর আগে সদ্য সমাপ্ত মে মাসে দেশে রেকর্ড ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছিল প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা। যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তি। মে মাসের সেই ধারা বজায় রেখে জুনেও প্রবাসী আয়ের এই চাঙ্গা ভাব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিকে স্বস্তি দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Attr/AHA
আরও পড়ুন