বিশ্বকাপের মধ্যেই লিগ খেলতে মিয়ানমার গেলেন ঋতুপর্ণা

আপডেট : ১৩ জুন ২০২৬, ১১:২৬ এএম

২০২৬ বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যেই নতুন এক মিশনে যাত্রা শুরু করলেন বাংলাদেশের নারী ফুটবলের তারকা ঋতুপর্ণা চাকমা। বৃহস্পতিবার (১১ জুন) গভীর রাতে তিনি মিয়ানমারের উদ্দেশে দেশ ছাড়েন। সেখানে তিনি মিয়ানমার নারী ফুটবল লিগের ক্লাব আয়েইয়াওয়াদি এফসির হয়ে খেলবেন।

গত বছর মিয়ানমারের বিপক্ষে তাদেরই মাঠে ঐতিহাসিক জয় তুলে নিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেয় বাংলাদেশ নারী দল। সেই ম্যাচে দলের দুই গোলই করেছিলেন ঋতুপর্ণা। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের পর বিভিন্ন দেশের ক্লাব থেকে প্রস্তাব এলেও শেষ পর্যন্ত মিয়ানমারের ক্লাবেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন অভিজ্ঞ এই উইঙ্গার।

বাংলাদেশের তুলনায় মিয়ানমারের ঘরোয়া ফুটবলের মান উন্নত হওয়ায় সেখানে খেলার অভিজ্ঞতা ঋতুপর্ণার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপ শেষে নারী ফুটবলাররা দুই সপ্তাহের ছুটি পেয়েছেন। দলের প্রধান কোচ পিটার বাটলারও বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। জুনের শেষ সপ্তাহে আবার জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসকে সামনে রেখে প্রস্তুতি নেবে দল।

আগস্ট পর্যন্ত আয়েইয়াওয়াদি এফসির হয়ে খেলবেন ঋতুপর্ণা। এরপর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।

এদিকে বিদেশি লিগে খেলার ধারাবাহিকতায় ভুটানের নারী ফুটবল লিগে অংশ নিতে ইতোমধ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন ও ডিফেন্ডার মাসুরা পারভীন। সুমাইয়া ইসলামও ভুটানের লিগে খেলতে পারেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বছর ভুটান নারী লিগে খেলেছিলেন ঋতুপর্ণাও। তখন বাংলাদেশের ১০ জনের বেশি নারী ফুটবলার বিভিন্ন ক্লাবের হয়ে অংশ নিয়েছিলেন। বিদেশি লিগে নিয়মিত খেলার সুযোগ বাংলাদেশের নারী ফুটবলারদের অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

AM
আরও পড়ুন