বিশ্বকাপ চলাকালে বড় ধাক্কা খেয়েছে আইভরি কোস্ট। স্পট-ফিক্সিং সংক্রান্ত তদন্তের জেরে দেশটির ফরোয়ার্ড এলি ওয়াহিকে কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ফলে শনিবার (২০ জুন) জার্মানির বিপক্ষে গুরুত্বপূর্ণ গ্রুপ ম্যাচে তার খেলা হচ্ছে না।
২৩ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে ফরাসি ক্লাব ওজিসি নিস-এর হয়ে খেলেন। অভিযোগ রয়েছে, মে মাসে মেটজের বিপক্ষে একটি লিগ ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড নিয়ে বাজি সংশ্লিষ্ট অনিয়মে জড়িয়েছিলেন তিনি। স্পট-ফিক্সিং বলতে ম্যাচের নির্দিষ্ট কোনো ঘটনা প্রভাবিত করে বাজির বাজারে লাভবান হওয়ার সুযোগ তৈরি করাকে বোঝায়।
ফ্রান্সের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, সংগঠিত জালিয়াতি, ক্রীড়া দুর্নীতি, অবৈধ অর্থের লেনদেন ও অর্থপাচারের অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে একজন ২৩ বছর বয়সী লিগ ওয়ান ফুটবলারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যদিও আনুষ্ঠানিকভাবে ওয়াহির নাম উল্লেখ করা হয়নি।
আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন জানিয়েছে, তাদের কাছে ওয়াহির বিরুদ্ধে কোনো বিচারিক বা প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক নোটিশ পৌঁছায়নি। তবে কানাডায় প্রবেশের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় তিনি দলের সঙ্গে টরন্টো যেতে পারেননি।
ফেডারেশন এক বিবৃতিতে জানায়, এই কঠিন সময়ে তারা খেলোয়াড়টির পাশে রয়েছে এবং তার প্রতি আস্থা অব্যাহত রেখেছে। আপাতত ওয়াহি যুক্তরাষ্ট্রেই অবস্থান করবেন এবং দলের প্রত্যাবর্তন পর্যন্ত সেখানেই থাকবেন।
উল্লেখ্য, চলতি বিশ্বকাপে কানাডায় প্রবেশে বাধাপ্রাপ্ত দ্বিতীয় ফুটবলার হলেন ওয়াহি। এর আগে চলমান ফৌজদারি মামলার কারণে ঘানার অধিনায়ক থমাস পার্টেও কানাডার ভিসা পাননি। সূত্র: বিবিসি
পর্তুগালের দরকার গোল, রোনালদোকে নয়
বিশ্বকাপে কেইনের নতুন রেকর্ড
ইরাকের জার্সিতে পাকিস্তানের জিদান ইকবালের ইতিহাস