জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৬:২৮ পিএম

জয়পুরহাটে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আব্দুর রহিম ওরফে কাইল্যা মণ্ডল (৫৩) নামে এক কৃষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, শিশু সহিংসতা মামলা নং-১৪/২৬-এর ভিকটিম শিশু-কে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার বিচারকার্য শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্ত মো. আবদুর রহিম প্রকাশ কাইল্যা মণ্ডলকে দোষী সাব্যস্ত করেন।

রায়ে আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ডের অর্থ ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগী পক্ষকে প্রদান করতে হবে এবং তা দণ্ডিত ব্যক্তির সম্পদ থেকে আদায়যোগ্য হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে আসামিকে অতিরিক্ত ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতার মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে আদালতের এ রায় ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Attr/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত