মেসিকে টপকে বিশ্বকাপে পেনাল্টির রাজা হ্যারি কেইন

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৬:৫৯ পিএম

ইংল্যান্ডের জার্সিতে বড় মঞ্চে হ্যারি কেইন মানেই গোল, আর নতুন কোনো কীর্তি। বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেই ধারাবাহিকতা বজায় রাখলেন থ্রি লায়ন্স কাপ্তান। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ে জোড়া গোল করে একদিকে যেমন দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন, অন্যদিকে নিজের নামও তুলেছেন বিশ্বকাপ ইতিহাসের বিশেষ এক উচ্চতায়।

ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি থেকে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল কেইনের। তবে ক্রোয়েশিয়ার গোলরক্ষক দোমিনিক লিভাকোভিচ গোললাইন ছেড়ে এগিয়ে আসায় পুনরায় শট নেওয়ার সুযোগ পান তিনি। দ্বিতীয়বার আর ভুল করেননি ইংলিশ অধিনায়ক।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে পেনাল্টি থেকে কেইনের গোলসংখ্যা দাঁড়ায় পাঁচে। টাইব্রেকার বাদ দিলে বিশ্বকাপ ইতিহাসে কোনো ফুটবলারই এতবার স্পট কিক থেকে জাল খুঁজে পাননি। ফলে তিনি ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি, ইউসেবিও, গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং রব রেনসেনব্রিঙ্ককে, যাদের প্রত্যেকের নামের পাশে ছিল চারটি করে পেনাল্টি গোল।

তবে রেকর্ডের খাতা সেখানেই থামেনি। গোলের সঙ্গে সঙ্গে কেইন ঢুকে পড়েন ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের আরেক অভিজাত তালিকায়। ডেভিড ব্যাকহাম-এর পর দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে তিনটি আলাদা বিশ্বকাপে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। ২০১৮ সালে রাশিয়া, ২০২২ সালে কাতার আর এবার ২০২৬ বিশ্বকাপ, তিন আসরেই গোল পেলেন ইংল্যান্ডের নির্ভরতার প্রতীক।

ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়টা তাই শুধু তিন পয়েন্টের গল্প নয়। এটি ছিল হ্যারি কেইনের আরেকটি রেকর্ডময় রাত, যেখানে দলের জয় আর ব্যক্তিগত অর্জন একসঙ্গে ধরা দিয়েছে একই ফ্রেমে।

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত