আইপিএসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২৩ জুন ২০২৬, ১২:০১ পিএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নায়ানগর গ্রামে আইপিএসের বৈদ্যুতিক সংযোগ পরিবর্তন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল মাহিন হাসান (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল মাহিন হাসান নায়ানগর গ্রামের মরহুম মুক্তার হোসেনের ছেলে। মুক্তার হোসেন বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন। আল মাহিন স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমানের ভাতিজা এবং উত্তরা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী ছিলেন।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে বাড়ির আইপিএসের বৈদ্যুতিক লাইনের সংযোগ পরিবর্তনের কাজ করছিলেন আল মাহিন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা ও সিংহশ্রী ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান বলেন, “আমার ভাতিজা সকালে আইপিএসের লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই। সে অত্যন্ত মেধাবী ও ভদ্র স্বভাবের ছেলে ছিল।”

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, কাপাসিয়া থেকে আনা আল মাহিন হাসানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

এদিকে আল মাহিনের অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান বলেন, “আল মাহিন একজন বিনয়ী, মেধাবী ও সম্ভাবনাময় তরুণ ছিল। তার এমন অকাল মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর।”

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

YA
আরও পড়ুন