যুক্তরাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা, ভাঙলো ৫০ বছরের রেকর্ড

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৬:৫৮ পিএম

চলমান তীব্র দাবদাহের মধ্যে যুক্তরাজ্যে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। দেশটির আবহাওয়া দপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের উইগনহোল্ট এলাকায় তাপমাত্রা পৌঁছেছে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।

এর ফলে ১৯৭৬ সালে স্থাপিত ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের পুরোনো রেকর্ড ভেঙে গেছে। দীর্ঘ ৫০ বছর ধরে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার এই রেকর্ড অক্ষুণ্ন ছিল।

তীব্র গরমের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় জনজীবন ব্যাহত হচ্ছে। অনেক স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কোথাও কোথাও শিশুরা খাল, নদী ও উন্মুক্ত জলাশয়ে নেমে গরম থেকে স্বস্তি পাওয়ার চেষ্টা করছে।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের প্রধান বিজ্ঞানী স্টিফেন বেলচার বলেন, জুন মাসে যুক্তরাজ্যে এ ধরনের তাপমাত্রা দেখা উদ্বেগজনক। এটি জলবায়ু পরিবর্তনের বাস্তব প্রভাবকে সামনে নিয়ে আসে। অতিরিক্ত তাপমাত্রা ও আর্দ্রতা মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে, একই সঙ্গে পরিবহন, জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থার ওপরও চাপ বাড়াচ্ছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবারের তুলনায় আরও বেশি তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। এছাড়া বৃহস্পতিবারও চরম গরম অব্যাহত থাকতে পারে।

পরিস্থিতির কারণে ইংল্যান্ডের মধ্য ও দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকায় সর্বোচ্চ পর্যায়ের তাপ সতর্কতা জারি রয়েছে। কর্তৃপক্ষ বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের অপ্রয়োজনীয় বাইরে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। সূত্র: সিএনএন

AS
আরও পড়ুন