চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৮:৩২ পিএম

চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন সিটিক টাওয়ারে একটি হালকা স্পোর্টস বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে ১০৯ তলাবিশিষ্ট ভবনটিতে বিমানটি আঘাত হানার পর দ্রুত ভবনটি খালি করে দেয় কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় হতাহত বা বিমানে কতজন আরোহী ছিলেন, তা এখনো জানানো হয়নি।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ভবন থেকে কর্মীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ভবনের ওপরের অংশ থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ে এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রায় ৫২৮ মিটার উঁচু টাওয়ারটির ওপরের দিকে বিমানটি আঘাত করে। পরে ভবন ও বিমানের ভাঙা অংশ আশপাশের ফুটপাতে ছড়িয়ে পড়ে।

অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা যাওয়া নিবন্ধন নম্বর অনুযায়ী, বিমানটি সানওয়ার্ড এসএ৬০এল অরোরা মডেলের দুই আসনের এক ইঞ্জিনবিশিষ্ট হালকা স্পোর্টস বিমান। ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে, এটি একটি স্থানীয় সাধারণ বিমান চলাচল প্রতিষ্ঠানের মালিকানাধীন ছিল। প্রতিষ্ঠানটি ব্যক্তিগত পাইলট প্রশিক্ষণ, আকাশ ভ্রমণ ও বিমান ব্যবস্থাপনা সেবা দিয়ে থাকে।

তবে বিমানটি কোথা থেকে উড্ডয়ন করেছিল, কী কারণে নিয়ন্ত্রণ হারায় কিংবা কীভাবে রাজধানীর কঠোর নিরাপত্তাবেষ্টিত আকাশসীমা অতিক্রম করে ভবনে আঘাত হানল, এসব প্রশ্নের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।

ঘটনার পর চীনা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দুর্ঘটনাসংক্রান্ত বিভিন্ন পোস্ট দ্রুত সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। এতে এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, বেইজিংয়ে হালকা স্পোর্টস বিমান উড্ডয়নের জন্য চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন এবং পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের পূর্বানুমোদন বাধ্যতামূলক। গত মাসেই রাজধানীর আকাশসীমায় আরও কঠোর বিধিনিষেধ জারি করা হয়। সেই নিয়ম অনুযায়ী, সব ধরনের উড্ডয়নের আগে সরকারি ও বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমতি নিতে হয় এবং বিনোদনমূলক উড্ডয়ন ও ড্রোন পরিচালনার ওপরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত