রাজধানী রামপুরার অন্যতম বৃহৎ আবাসিক এলাকা বনশ্রীতে উৎসবমুখর পরিবেশে চলছে ‘বনশ্রী সোসাইটি’র কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ।
শনিবার (২৭ জুন) সকাল ৮টা থেকে বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আনুষ্ঠানিক ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্র ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় নিরাপত্তা প্রহরী মোতায়েন করা হয়েছে।

বনশ্রী সোসাইটির এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তিনটি প্রধান প্যানেল বা পরিষদের মধ্যে। এগুলো হলো- বাতেন-দুলাল পরিষদ, শাহাবুদ্দিন-রেজা পরিষদ ও কালাম-হক পরিষদ। কার্যনির্বাহী কমিটির ৩৭টি পদের বিপরীতে ৩টি প্যানেল থেকে সর্বমোট ১১১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একাধিক ভোটারের সঙ্গে কথা হলে তারা খবর সংযোগকে জানান, বনশ্রী আবাসিক এলাকার নিরাপত্তা, পরিচ্ছন্নতা, মশক নিধন এবং নাগরিক সুবিধা বাড়াতে যারা কার্যকর ভূমিকা রাখবেন, তাদেরকেই ভোটাররা নির্বাচিত করবেন। ভোটগ্রহণ শেষে আজ সন্ধ্যায় কেন্দ্রেই ভোট গণনা শুরু হবে এবং রাতেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হতে পারে বলে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।