সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী

‘মালয়েশিয়া সফর ফলপ্রসূ, তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের’

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৬:০৬ পিএম

মালয়েশিয়া নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগ এবং দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। 

শনিবার (২৭ জুন) মালয়েশিয়া ও চীন সফর শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগের পাশাপাশি দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন।

তিনি আরও জানান, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তির ক্ষেত্রেও দেশটির সমর্থন থাকবে বলে জানানো হয়েছে।

দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির প্রসঙ্গ তুলে খলিলুর রহমান বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন পর্যায়ে পৌঁছেছে, তা দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের শেয়ার করা ‘মহাজাদু’ গান থেকেই বোঝা যায়।

চীন সফর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন সর্বোচ্চ সহযোগিতা করবে। এ বিষয়ে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) দ্রুত এগিয়ে নিতে দুই দেশ একমত হয়েছে।

তিনি আরও বলেন, পূর্বের সম্পর্কের ধারাবাহিকতা বজায় রেখে এবারের সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের সম্পর্ক সর্বোচ্চ বন্ধুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

Attr/AHA
আরও পড়ুন