বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত জাঁকজমক এবং অপচয় রোধে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রতি অতিথির জন্য ১,০০০ টাকা কর নির্ধারণের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম।
শুক্রবার (২৬ জুন) রাজধানীতে অনুষ্ঠিত এক আলোচনাসভায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন। তার বক্তব্যের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিশেষ করে বিয়েতে ‘আনন্দ-ফুর্তির’ নামে ব্যাপক অর্থ অপচয় করা হয়, যা কল্পনারও বাইরে। তিনি দাবি করেন, এসব অনুষ্ঠানে খাবারের বড় একটি অংশ নষ্ট হয় এবং এই অপচয় বন্ধ করা প্রয়োজন।
তিনি আরও মন্তব্য করেন, বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠানে ‘অশ্লীল প্রদর্শনী’ হয়ে থাকে। তার দাবি, গায়ে হলুদের নৃত্য পরিবেশনের জন্য এক মাস পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এবং নাচ-গানের এসব আয়োজনে বিপুল অর্থ ব্যয় করা হয়।
সংসদ সদস্য শাহাদাত হোসেন বলেন, অতীতে দেশে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল। সেই আইনে ১০০ জনের বেশি অতিথি হলে কর আরোপের বিধান ছিল বলে তিনি উল্লেখ করেন। সেই ধারাবাহিকতায় তিনি প্রস্তাব দেন, ১০০ জনের বেশি প্রতিটি অতিথির জন্য ১,০০০ টাকা করে কর নির্ধারণ করা উচিত।
তার ভাষ্য, বিয়ের অনুষ্ঠানে অপচয় বন্ধ করা গেলে একদিনেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে।
এর আগে গত ২২ জুন জাতীয় সংসদেও একই দাবি তুলেছিলেন শাহাদাত হোসেন সেলিম। সে সময় তিনি বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত জাঁকজমক ও অপচয় বন্ধে অতীতে প্রচলিত অতিথি নিয়ন্ত্রণ আইন পুনরায় কার্যকর করার আহ্বান জানান।
'সিঙ্গাপুর নয় বাংলাদেশকে বসবাসযোগ্য বানাতে চাই'
মেট্রোরেলে অর্ধেক ভাড়ার সুযোগ, কাদের জন্য এই সুবিধা
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬৩