‘বাংলাদেশের মানুষ অতীতে বহুবার অসম্ভবকে সম্ভব করেছে। তাই বর্তমান সংকটেও ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই বাজেট বাস্তবায়ন সম্ভব’ বলে জানিয়েছেন সাবেক মন্ত্রী, বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
রোববার (২৮ জুন) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৭তম দিনে বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
সংসদ অধিবেশনে এসময় সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিগত সরকারের সময়ে লুটপাটের কারণে অর্থনীতির যে দুরবস্থা তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে বর্তমান সরকারের বাজেট যুগোপযোগী।’
নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করেছিলেন এবং বিএনপি গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।’
বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার অভিজ্ঞতার কথাও তুলে ধরে দলের বর্তমান নেতৃত্বে থাকা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সাম্প্রতিক আন্তর্জাতিক সফরে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে এবং চীনের ১১টি প্রতিষ্ঠান ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে, যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বাজেটকে শক্তিশালী সমালোচনা ও গঠনমূলক আলোচনার ভিত্তিতে পরিপূর্ণ করার আহ্বান জানিয়ে অতীতের গণতান্ত্রিক আন্দোলনের উদাহরণ টেনে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘বাঙালি জাতি চাইলে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম।’
কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু, কুমিল্লাকে বিভাগ ঘোষণা, ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণ এবং দাউদকান্দিকে জেলা ঘোষণার দাবি জানান তিনি। যা বাস্তবায়িত হলে আঞ্চলিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলেও তিনি মন্তব্য করেন।
মুদি ও কাঁচাবাজারে যৌক্তিক কর নির্ধারণ হবে: জোনায়েদ সাকি
অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতির অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর
এলডিসি উত্তরণ প্রস্তুতিতে মানবসম্পদ বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে সরকার
অক্টোবর লক্ষ্য ধরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: নির্বাচন কমিশন