লাল কার্ডের নতুন ইতিহাস লিখলো ২০২৬ বিশ্বকাপ

আপডেট : ২৯ জুন ২০২৬, ১১:৩৯ এএম

ফুটবলের সবুজ ক্যানভাসে 'লাল' রঙটা সব সময়ই এক চরম বৈরিতার প্রতীক। কখনো তা হিংস্র ট্যাকলের নির্মম শাস্তি, কখনো বা মাঠের ভেতরের আদিম হাতাহাতির শেষ পরিণতি। কিন্তু ২০২৬ সালের এই বিশ্বকাপ যেন ফুটবলারদের পায়ের জাদুর পাশাপাশি ওষ্ঠাধরের ভাষাকেও এক চরম পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিল। 

ফিফার নতুন নিয়মে লাল কার্ড পেলেন আলমিরন!

বিশ্বকাপের রূপকথা মোড়ানো মঞ্চে এবার এক অদ্ভুত ট্র্যাজেডির নায়ক হলেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন। কোনো ফাউল নয়, কোনো ধাক্কাধাক্কি নয়; কেবল হাতের আড়ালে মুখ লুকিয়ে প্রতিপক্ষকে কিছু বলার অপরাধে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে সরাসরি লাল কার্ড দেখলেন তিনি।

তুরস্কের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ তখন প্রথমার্ধের শেষলগ্নে। মাঠের পারদ চড়ছিল চড়চড় করে। তুর্কি ডিফেন্ডার মের্ত মুলদুরের সাথে তীব্র বাক্যবিনিময়ের এক পর্যায়ে আলমিরন হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিয়ে হয়তো ভেবেছিলেন ক্যামেরার চোখ আর রেফারির কানকে ফাঁকি দেওয়া গেছে। কিন্তু আধুনিক ফুটবলের তীক্ষ্ণ চোখ 'ভিএআর' (VAR) তা এড়াতে দেয়নি।

রেফারি ইভান বার্টন যখন পকেট থেকে লাল কার্ডটা বের করলেন, তখন শুধু একটা ম্যাচের ভাগ্যই বদলায়নি, বদলে গেছে ফুটবল মাঠের ব্যাকরণও। ফুটবলের নিয়মপ্রণেতা সংস্থা 'আইএফএবির (IFAB) নতুন নিয়ম অনুযায়ী মাঠে বর্ণবাদ বা কুরুচিপূর্ণ স্লেজিং লুকিয়ে করার দিন এবার শেষ। সংঘাতের মুহূর্তে মুখ ঢাকা মানেই এখন মাঠ থেকে নির্বাসন।

এদিকে সবুজ মাঠে লাল রঙের সূচনার ইতিহাসটাও বেশ মজার। ১৯৬৬ সালের বিশ্বকাপে ভাষা সংকটের কারণে এক চরম বিশৃঙ্খলা তৈরি হলে ব্রিটিশ রেফারি কেন অ্যাস্টন ট্রাফিক সিগন্যালের আলো থেকে অনুপ্রাণিত হয়ে কার্ড প্রথার আইডিয়া আনেন। এরপর ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে প্রথম হলুদ ও লাল কার্ডের নিয়ম চালু হলেও সেবার কাউকে লাল কার্ড দেখতে হয়নি। অবশেষে ১৯৭৪ বিশ্বকাপে চিলির কার্লোস ক্যাসজেলি ইতিহাসের প্রথম লাল কার্ড দেখার রেকর্ড গড়েন।

এর দীর্ঘ ৫২ বছর পর, মিগুয়েল আলমিরনের হাত ধরে ফুটবলের সেই লাল কার্ডে যুক্ত হলো 'মুখ ঢাকার' সম্পূর্ণ নতুন এক অধ্যায়। খেলার মাঠের আবেগ আর দ্রোহ চিরন্তন হলেও ২০২৬ বিশ্বকাপ মনে করিয়ে দিল, এখন থেকে ফুটবলারদের পায়ের দক্ষতার পাশাপাশি কথার পবিত্রতাও মাপা হবে সমান পাল্লায়।

SN
আরও পড়ুন