বিশ্বকাপ সর্বোচ্চ গোলদাতা

কার হাতে উঠবে গোল্ডেন বুট, মেসি না এমবাপ্পে

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০১:৪৪ পিএম

বিশ্বকাপের নকআউট পর্বেই জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে চলতি আসরে নিজের গোলসংখ্যা ৬ এ নিয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে। এতে সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির পাশে উঠে এসেছেন ফ্রান্সের অধিনায়ক। শুধু গোল্ডেন বুট নয়, বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের লড়াইয়েও আর্জেন্টাইন মহাতারকার খুব কাছাকাছি পৌঁছে গেছেন তিনি।

নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বুধবার শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩–০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফ্রান্স। দলের জয়ে বড় ভূমিকা রাখেন এমবাপ্পে। প্রথমার্ধের ৪৫তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। পরে ৭৪তম মিনিটে মাইকেল অলিসের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি এই ফরোয়ার্ড।

এই জোড়া গোলে চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬ এ। সমান গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে এখন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। তবে ফ্রান্সের সামনে আরও ম্যাচ থাকায় এককভাবে শীর্ষে ওঠার সুযোগও রয়েছে এমবাপ্পের।

শুধু চলতি আসরেই নয়, বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকাতেও ইতিহাসের খুব কাছে চলে এসেছেন ২৭ বছর বয়সী এই তারকা। সুইডেনের বিপক্ষে জোড়া গোলের পর বিশ্বকাপে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে। এতে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে এসেছেন তিনি।

এখন এমবাপ্পের সামনে রয়েছেন শুধুই লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের ১৯ গোলের রেকর্ড স্পর্শ করতে তাঁর প্রয়োজন আর মাত্র একটি গোল। তবে শেষ ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে মেসি গোল করলে ব্যবধান আবারও বেড়ে যাবে। ফলে গোল্ডেন বুটের পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার লড়াইটাও এখন জমে উঠেছে দুই মহাতারকার মধ্যে।

তবে রেকর্ড ভাঙার দৌড়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের মঞ্চে বর্তমান ফর্ম, বয়স এবং ধারাবাহিক পারফরম্যান্সে এমবাপ্পে আবারও প্রমাণ করেছেন, বড় টুর্নামেন্টের অন্যতম সেরা ফুটবলার তিনি। অনেকের মতে, শুধু রেকর্ড ভাঙাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রায় অপ্রতিরোধ্য এক উচ্চতায় রেকর্ডটি নিয়ে যাওয়ার সামর্থ্যও রয়েছে এমবাপ্পের। 

এখন দেখার বিষয়, গোল্ডেন বুটের পাশাপাশি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও শেষ পর্যন্ত নিজের করে নিতে পারেন কি না।

AM/SN
আরও পড়ুন