নতুন ব্যাংক খুলতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

আপডেট : ০২ জুলাই ২০২৬, ১২:৩৫ পিএম

দেশের ব্যাংকিং খাতে দীর্ঘদিন ধরে চলা অস্থিরতার মধ্যেই যুবকদের জন্য বিশেষায়িত নতুন একটি ব্যাংক খোলার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রস্তাবিত এই বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘যুব ব্যাংক’। মূলত প্রয়োজনীয় জামানত বা অভিজ্ঞতার অভাবে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা থেকে বঞ্চিত যুবকদের সহজ শর্তে ঋণ দিয়ে উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সম্প্রতি যুব উন্নয়ন অধিদপ্তরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় ‘যুব ব্যাংক’ প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই, অর্থায়ন কাঠামো এবং প্রশাসনিক ব্যবস্থা পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, নতুন এই ব্যাংকটি যুবকদের দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ সহায়তা এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগের বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম জানান, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের বর্তমানে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হলেও, স্বল্প পুঁজির উদ্যোক্তাদের আরও বড় পরিসরে প্রাতিষ্ঠানিক সহায়তা দিতেই এই ব্যাংক প্রতিষ্ঠার প্রাথমিক আলোচনা চলছে।

তবে দেশে নতুন ব্যাংকের প্রয়োজনীয়তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে তীব্র দ্বিমত রয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এ প্রসঙ্গে বলেন, দেশে ইতিমধ্যে থাকা বিশেষায়িত ব্যাংকগুলোর নাজুক পরিস্থিতি সবার জানা। সেগুলোকে সংস্কার না করে নতুন ব্যাংক তৈরি করলে অর্থনীতির ওপর আরও বোঝা বাড়বে। বিদ্যমান ব্যাংকগুলোর মাধ্যমেই যুবকদের এই চাহিদা পূরণ করা সম্ভব বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে ৬২টি তফসিলি এবং ৫টি তফসিল-বহির্ভূত ব্যাংক সচল রয়েছে। এর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকগুলো দীর্ঘদিন ধরে মূলধন ঘাটতি ও লোকসানসহ বহুমুখী সংকটে ভুগছে। এমন পরিস্থিতিতে নতুন করে আরও একটি ব্যাংক খোলার এই সরকারি পরিকল্পনা অর্থনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

SN
আরও পড়ুন