খামেনির শেষকৃত্যে যোগ দিতে তেহরানে আসিম মুনির

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৫:৪৬ পিএম

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তান থেকে আল জাজিরার প্রতিনিধি আবিদ হুসেইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেহরানে পৌঁছানোর পর আসিম মুনিরকে স্বাগত জানান ইরানের প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবনে রেজা এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি। রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত শেষকৃত্যে অংশ নিতে পাকিস্তানের শীর্ষ প্রতিনিধিদের আগমনকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও সৌদি আরবে সরকারি সফর শেষ করে সরাসরি তেহরানে পৌঁছেছেন। তিনিও আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন।

এর আগে একদিনের সরকারি সফরে তেহরানের উদ্দেশে রওনা হন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তার সঙ্গে রয়েছে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এবং সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা সবাই ইরানের সাবেক সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নেবেন।

খামেনির শেষ বিদায় উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রীয় প্রতিনিধি, সামরিক কর্মকর্তা এবং উচ্চপর্যায়ের ব্যক্তিত্বদের তেহরানে আগমন অব্যাহত রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেনাপ্রধান ও শীর্ষ সরকারি প্রতিনিধিদের উপস্থিতিও সেই আন্তর্জাতিক অংশগ্রহণেরই অংশ। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন