অবসর নিয়ে প্রশ্নে বিরক্ত রোনালদো

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১১:১৫ এএম

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে চলা আলোচনা নিয়ে মুখ খুলেছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দল থেকে অবসর নেওয়ার বিষয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং এটি অন্য কারও ইচ্ছায় নির্ধারিত হবে না।

অবসর প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমি সব সময় জাতীয় দলের জন্য শরীর ও মন উজাড় করে দিই। খেলি বা না খেলি, এই দলের জন্য আমার ভূমিকা সব সময় গুরুত্বপূর্ণ থাকবে। আমি যখন চাইব তখনই জাতীয় দল ছাড়ব, আপনাদের ইচ্ছায় নয়। একই প্রশ্ন বারবার করা সময়ের অপচয়। এখন এসব নিয়ে নয়, আমাদের পুরো মনোযোগ আগামীকালের ম্যাচে।’

বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েও আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন পর্তুগিজ তারকা। তার মতে, শিরোপা জয়ের বিশ্বাস না থাকলে দল এতদূর আসতেই পারত না।

রোনালদো বলেন, ‘বিশ্বকাপ জয়ের বিশ্বাস না থাকলে আমরা এখানে আসতাম না। এখন পর্যন্ত আমাদের যাত্রাটা দারুণ ছিল। ম্যাচের পর ম্যাচ আমরা নিজেদের উন্নত করেছি। এই প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচে ভালো খেলা সম্ভব নয়, আর সেটা কোনো দলের জন্যই সহজ নয়। ইতোমধ্যে অনেক শক্তিশালী দল বিদায় নিয়েছে।’

স্পেনকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দল শান্ত আছে, আমরা ভালোভাবে অনুশীলন করেছি এবং ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। আগামীকাল আমাদের সামনে খুব কঠিন প্রতিপক্ষ থাকবে, তবে আমরা প্রস্তুত।’

বিশ্বকাপের নকআউট পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী স্পেনের বিপক্ষে হাইভোল্টেজ লড়াইয়ের আগে রোনালদোর এই বক্তব্য পর্তুগাল শিবিরে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।

NM/YA
আরও পড়ুন