গ্রামাঞ্চলে চলমান লোডশেডিং বিদ্যুতের ঘাটতির কারণে নয়, বরং অধিকাংশ ক্ষেত্রেই কারিগরি ত্রুটির ফল বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্য বাস্তবায়নের সময় অপরিকল্পিতভাবে নির্মিত অনেক বিতরণ লাইনে অতিরিক্ত লোড পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। এসব প্রযুক্তিগত সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ শীর্ষক নাগরিক সংলাপে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী জানান, গ্রামে এখনও কোথাও কোথাও লোডশেডিং হচ্ছে, তবে আগের তুলনায় এর মাত্রা কমেছে। যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহে বারবার বিঘ্ন ঘটছে, সেখানে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অবকাঠামোগত দুর্বলতা দূর করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুরো সমস্যার স্থায়ী সমাধানে কিছুটা সময় লাগবে বলেও তিনি উল্লেখ করেন।
বিদ্যুৎমন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের আর্থিক চাপ কমানোর সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো। জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানো গেলে সরকারের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং সেই অর্থ দিয়ে বিদ্যুৎ খাতের বকেয়া দায় পরিশোধ করা সম্ভব হবে।
মন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়িত হলে দেশের জ্বালানি খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং আমদানিনির্ভরতা কমে টেকসই বিদ্যুৎ ব্যবস্থার ভিত্তি আরও শক্তিশালী হবে।
নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে কৃষিজমি সংরক্ষণের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট উল্লেখ করে মন্ত্রী বলেন, উর্বর কৃষিজমির পরিবর্তে পতিত ও অনাবাদি জমিকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে, যাতে খাদ্য উৎপাদন ব্যাহত না হয়।
সংলাপে সভাপতিত্ব করেন ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ভূঁইয়া। এতে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম, বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বক্তব্য দেন।
ডেলিভারি রুমের জন্য ক্লিনিকগুলোকে সময় বেঁধে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
খামেনির জানাজা শেষে দেশে ফিরেছেন স্পিকার
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ