দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে মানসম্মত লেবার রুম (ডেলিভারি রুম) স্থাপনের জন্য আগামী শনিবার (১১ জুলাই) পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নির্ধারিত এই সময়ের মধ্যে নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ ঘোষণা দেন।
স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানান, প্রসূতি মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে ক্লিনিকগুলোতে ডেলিভারি রুম থাকা বাধ্যতামূলক এবং এ বিষয়ে কোনো অবহেলা বরদাশত করা হবে না। একই সঙ্গে তিনি জানান, স্বাস্থ্যখাতে ১ লাখ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০ হাজারই হবেন নারী মিডওয়াইফারি কর্মী।
অনুষ্ঠানে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, মশার লার্ভা নিয়ন্ত্রণে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ করা হবে। হাসপাতালে স্যালাইনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে উল্লেখ করে তিনি চিকিৎসকদের নির্দেশ দেন, প্লাজমা লিকেজের আশঙ্কা পুরোপুরি দূর না হওয়া এবং চিকিৎসক সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কোনো ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া যাবে না। গত বছরের তুলনায় এবারের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ