‘আমরা বিশ্বাস করেছিলাম, ঘুরে দাঁড়াতে পারব’, জয়ের পর এনগারাভা

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১২:২৭ পিএম

হারারেতে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে মাত্র ১১৬ রানে গুটিয়ে দিয়ে ২৫ রানের অবিশ্বাস্য জয় পায় জিম্বাবুয়ে। ম্যাচ শেষে অধিনায়ক রিচার্ড এনগারাভা ও ম্যাচসেরা নিউম্যান নিয়ামহুরি জানালেন, তাদের আত্মবিশ্বাস ছিল শেষ পর্যন্ত লড়ে গেলে ম্যাচ জিতবেন।

বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশকে ৩৩.১ ওভারে ১১৬ রানে অলআউট করেছে জিম্বাবুয়ে। এনগারাভা এবং ব্র্যাড ইভান্স ৩টি করে উইকেট শিকার করেন। ম্যাচসেরা নিয়ামহুরি বল হাতে ২২ রানে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ফিল্ডিংয়েও নেন দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ।

ম্যাচ শেষে অধিনায়ক রিচার্ড এনগারাভা বলেন, ‘ড্রেসিংরুমে আমাদের আলোচনা ছিল, আমরা জিম্বাবুইয়ান, যেকোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আমাদের আছে। আমরা বিশ্বাস করেছিলাম এই কঠিন অবস্থা থেকেও লড়াই করে বেরিয়ে আসতে পারব। আমরা শেষ পর্যন্ত লড়ে যাই, আর দল হিসেবেই সেই লড়াইটা করি।’

অবশ্য শুরুতে জিম্বাবুয়েও চরম বিপর্যস্ত ছিল। নবম উইকেটে তাদের গুরুত্বপূর্ণ জুটি নিয়ে এনগারাভা বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল বিষয়টাকে যতটা সম্ভব সহজ রাখা। বলটা ভালোভাবে দেখা এবং পরিস্থিতি অনুযায়ী খেলা।’

দলের অবিশ্বাস্য এই জয় নিয়ে পরে স্বাগতিক অধিনায়ক বলেন, ‘অনুভূতিটা সত্যিই দারুণ। এমন জয় খুবই বিশেষ অনুভূতি দেয়। আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে। সমর্থকদের মুখে হাসি ফোটাতে পেরেছি, এটা ভেবে আমি খুবই আনন্দিত।’

‘দর্শকদের সমর্থন ছিল অসাধারণ। তারা আমাদের দ্বাদশ খেলোয়াড়ের মতোই ভূমিকা রেখেছে। তাদের পাশে পাওয়া সত্যিই দারুণ ব্যাপার’, আরও যোগ করেন এনগারাভা।

AM/YA
আরও পড়ুন