আর্জেন্টাইন সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার আইশোস্পিড

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৬:১১ পিএম

বিশ্বকাপের মাঠে এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় মার্কিন অনলাইন স্ট্রিমার আইশোস্পিড। আর্জেন্টিনার ম্যাচে লিওনেল মেসিকে উসকানি দেওয়ার পর গ্যালারিতে তাঁর বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে ফিফা।

আইশোস্পিড, যার প্রকৃত নাম ড্যারেন জেসন ওয়াটকিনস জুনিয়র, চলতি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন ভেন্যু থেকে সরাসরি সম্প্রচার করছেন। ইউটিউবে তাঁর ৫ কোটি ৭০ লাখের বেশি এবং টিকটকে ৫ কোটি ৩০ লাখের বেশি অনুসারী রয়েছে।

প্রথম অভিযোগটি ওঠে ৩ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ৩–২ গোলের জয়ের ম্যাচে। কেপ ভার্দের জার্সি পরে ম্যাচ দেখতে যাওয়া আইশোস্পিডের সঙ্গে এক আর্জেন্টাইন সমর্থকের বাকবিতণ্ডা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই সমর্থককে স্প্যানিশ ভাষায় তাঁকে ‘চিড়িয়াখানায় গিয়ে কাঁদতে’ বলতে শোনা যায়, যা ব্যাপকভাবে বর্ণবাদী মন্তব্য হিসেবে নিন্দিত হয়।

এরপর এক বিবৃতিতে ফিফা জানায়, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, বর্ণবাদ, বিদ্বেষ ও যেকোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান ‘শূন্য সহনশীলতা’। ফুটবল, বিশ্বকাপ কিংবা সমাজের কোথাও এসব আচরণের স্থান নেই বলেও উল্লেখ করা হয়।

বিতর্ক আরও তীব্র হয় আর্জেন্টিনা ও মিসরের শেষ ষোলোর ম্যাচে। ম্যাচের শেষ দিকে পেনাল্টি নিতে আসেন মেসি। তখন মিসরের জার্সি গায়ে গোলপোস্টের পেছনে দাঁড়িয়ে আইশোস্পিড চিৎকার করেন, হাত নাড়েন, এমনকি মেসির মনোযোগ নষ্ট করতে ঘেউ ঘেউ করার ভঙ্গিও করেন। শেষ পর্যন্ত মেসি পেনাল্টি মিস করলে সেই ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ম্যাচ শেষে ছড়িয়ে পড়া আরও কয়েকটি ভিডিওতে দেখা যায়, গ্যালারির কিছু আর্জেন্টাইন সমর্থক আইশোস্পিডকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করছেন। অভিযোগ রয়েছে, একজন সমর্থক বানরের অঙ্গভঙ্গিও করেন, অন্যরাও তাঁর দিকে অপমানজনক স্লোগান ছুড়ে দেন।

এমন ঘটনা এমন সময় ঘটল, যখন আন্তর্জাতিক ফুটবলে বর্ণবাদ নিয়ে উদ্বেগ আবারও বাড়ছে। কয়েক দিন আগেই ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে প্যারাগুয়ের এক সিনেটরের বর্ণবাদী মন্তব্যও ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এমবাপ্পে প্রকাশ্যে এর প্রতিবাদ জানালে তাঁর পাশে দাঁড়ায় ফরাসি ফুটবল ফেডারেশন এবং দেশটির প্রেসিডেন্টও।

ফিফা বলছে, আইশোস্পিডের ঘটনার তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংস্থাটি আবারও জোর দিয়ে বলেছে, বিশ্বকাপ বৈচিত্র্য, সম্মান ও ঐক্যের উৎসব, এখানে বর্ণবাদের কোনো স্থান নেই। সূত্র: মার্কা

AS
আরও পড়ুন