যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র–ইরান পুনরায় সংঘাতে জড়িয়েছে। আর এ জন্য সরাসরি ইরানকেই দায়ী করেছে জার্মানি। একই সঙ্গে হরমুজ প্রণালিকে আন্তর্জাতিক নৌপথ হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে মাইন পাতা, জাহাজে হামলা এবং চলাচলে কোনো ধরনের ফি বা শুল্ক আরোপের চেষ্টা বন্ধ করার আহ্বান জানিয়েছে বার্লিন।
বুধবার (৮ জুলাই) জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম ফিনিক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা গ্রহণযোগ্য নয়। তাঁর দাবি, তেহরানের এসব পদক্ষেপই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পথ তৈরি করেছে।
ওয়াডেফুল বলেন, হামলার শিকার হওয়া জাহাজগুলো হরমুজ প্রণালির মাইনমুক্ত নির্ধারিত পথ দিয়েই চলাচলের চেষ্টা করছিল। তবু সেগুলো ইরানের হামলার মুখে পড়ে।
তিনি আরও বলেন, হরমুজ একটি আন্তর্জাতিক নৌপথ, এ বিষয়টি একবারেই স্পষ্ট হওয়া প্রয়োজন। ইরান সেখানে মাইন পাততে পারে না, জাহাজ লক্ষ্য করে গুলি চালাতে পারে না এবং চলাচলকারী জাহাজের ওপর কোনো ধরনের ফি বা শুল্কও আরোপ করতে পারে না। তেহরানের এই বাস্তবতা মেনে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
তবে কঠোর সমালোচনার পাশাপাশি কূটনৈতিক সমাধানের পক্ষেও অবস্থান পুনর্ব্যক্ত করেছে জার্মানি। ওয়াডেফুল বলেন, সামরিক সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংকটের সমাধানই সবচেয়ে কাম্য। পুরো অঞ্চলে উত্তেজনা কমে আসুক, বার্লিন সেই প্রত্যাশাই করছে। তবে বর্তমান পরিস্থিতি দীর্ঘমেয়াদে কোনোভাবেই টেকসই নয় বলেও সতর্ক করেন তিনি। সূত্র: আনাদোলু
ইরানের হামলায় আঞ্চলিক শান্তি বিঘ্নিত হচ্ছে: জিসিসি
ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় এরদোয়ানের সাধুবাদ
'হরমুজে ইরানের নতুন শাসন ব্যবস্থা মানতেই হবে'