আগামী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায়ের পর বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকার কোন প্রক্রিয়ায় গঠিত হবে এবং কারা এতে থাকবেন, তা আদালতের পূর্ণাঙ্গ রায় দেখার পর পরিষ্কার হবে। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন রাজনৈতিক অঙ্গীকারের অংশ বলেও উল্লেখ করেন তিনি।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের অধিকার ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার।” তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিএনপির আন্দোলনের প্রেক্ষাপট থেকেই এই ধারণার সূত্রপাত হয়।
মন্ত্রী আরও বলেন, ১৯৯৬ সালে বিএনপি সংসদে ত্রয়োদশ সংশোধনীর বিল এনে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাংগঠনিক কাঠামো তৈরি করেছিল। তার ভাষ্য, গত ১৬-১৭ বছর ধরে বিএনপি এ দাবিতে আন্দোলন করেছে এবং ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যেই তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।
তিনি বলেন, “আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব”-এই প্রক্রিয়ায় ফিরে যেতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ নেই।
ঢামেক পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত ক্যাম্পাস
নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর