অলস রাষ্ট্রীয় সম্পদ উৎপাদনে ফেরানোর উদ্যোগ

'বন্ধ কলকারখানা চালু করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার'

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৪:১৪ পিএম

বন্ধ হয়ে থাকা কলকারখানা আবার চালু করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার। এ লক্ষ্যে চলতি বছর আরও কয়েকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তি খাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বন্ধ পাটকল পুনরায় চালুর লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘদিন ধরে অলস পড়ে থাকা রাষ্ট্রীয় সম্পদ এখন বোঝায় পরিণত হয়েছে। এসব সম্পদকে আবার উৎপাদন ও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে কাজে লাগাতে সরকার কাজ করছে। একই সঙ্গে বেসরকারি খাতকে নতুন বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

তৈরি পোশাক খাতের রপ্তানি কমে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতির কারণে বৈশ্বিক বাণিজ্যে মন্দাভাব তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশের পোশাক রপ্তানিতেও পড়েছে। তবে বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক হলে রপ্তানি আবারও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে টিকে গ্রুপের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, নরসিংদীর বাংলাদেশ জুট মিলসের ১৪ দশমিক ৮০ একর জমি লিজ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে। সেখানে ১ হাজার ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে টিকে গ্রুপ, যার মাধ্যমে প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

এর আগে একই মিলের ৭৭ একর জমি জুট অ্যালায়েন্সের কাছে লিজ দেওয়া হয়েছিল। সরকার বলছে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আবার উৎপাদনে ফিরিয়ে এনে অর্থনীতিতে নতুন গতি আনার পরিকল্পনা রয়েছে।

NM/YA
আরও পড়ুন