নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর পানি কমে শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে বৃহস্পতিবার রাতে নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও পরে তা কমতে শুরু করে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পানি কমে যাওয়ায় নিম্নাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা নেই।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৯টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৫ সেন্টিমিটার। এটি নির্ধারিত বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটারের চেয়ে ১০ সেন্টিমিটার নিচে।
এর আগে বৃহস্পতিবার রাতে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের পাশাপাশি জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে প্রবেশ করতে শুরু করে।
ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন বলেন, বৃহস্পতিবার রাতে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চলে পানি ঢুকেছিল। শুক্রবার সকালে পানি কমে যাওয়ায় সেসব এলাকার পানি নামতে শুরু করেছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, শুক্রবার সকাল ৯টায় তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীর পানি আরও কমার সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে জামায়াত আমির
দুই দ্বীপে সি-অ্যাম্বুলেন্স বন্ধ, দুর্ভোগে বাসিন্দারা