শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে মায়ের ঝাঁপ

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০১:৩১ পিএম
ঝালকাঠির নলছিটিতে পারিবারিক বিরোধ ও মানসিক চাপে পাঁচ বছর বয়সী কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন এক নারী। তবে স্থানীয়দের দ্রুত উদ্ধার তৎপরতায় অল্প সময়ের মধ্যেই মা ও শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
 
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ওই নারী নলছিটি শহরের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জান।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ফেরিঘাট এলাকায় ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেন ওই নারী। বিষয়টি চোখে পড়তেই আশপাশের লোকজন কোনো বিলম্ব না করে নদীতে নেমে উদ্ধার অভিযান শুরু করেন। পরে মা ও মেয়েকে নিরাপদে তীরে তুলে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উদ্ধার হওয়া নারী জানান, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক ভালো ছিল না। কিছুদিন আগে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে মেয়ের অভিভাবকত্ব নিয়ে নানা ধরনের চাপের মুখে পড়েন তিনি। দীর্ঘদিনের মানসিক অস্থিরতা থেকেই আবেগপ্রবণ হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জান বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। মা ও শিশু বর্তমানে সুস্থ ও নিরাপদ রয়েছেন। ঘটনার প্রকৃত কারণ জানার পর তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
MCH/YA
আরও পড়ুন