প্রাথমিকে বৃত্তি পেলো ৭৯ হাজার, ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০১:৪৪ পিএম

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ কোটায় ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, মেধা অন্বেষণ ও জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে গত এপ্রিল মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

ঘোষিত ফলাফল অনুযায়ী, মোট বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৪৩,৩৫৪ জন (৫৪.৭১ শতাংশ) এবং ছাত্রের সংখ্যা ৩৫,৮৯২ জন (৪৫.২৯ শতাংশ)। ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২৬,৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৬,৫৯০ জন নির্বাচিত হয়েছে। অন্যদিকে সাধারণ বৃত্তির ক্ষেত্রে সরকারি বিদ্যালয়ের ৩৬,৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৯,৮৬১ জন শিক্ষার্থী তালিকায় জায়গা করে নিয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বৃত্তি পরীক্ষায় দেশব্যাপী মোট ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয়ের ৬ লাখ ৪৫ হাজার ৪১ জন পরীক্ষার্থী নিবন্ধিত হয়েছিল। এর মধ্যে ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যা মোট নিবন্ধনের ৬৫.১১ শতাংশ।

এদিকে দুপুরের পর থেকেই মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বৃত্তির ফলাফল ওয়েবসাইটে আপলোডের কাজ শুরু হয়েছে। অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে ফল আপলোড প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হবে এবং শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পাবে।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত