বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১০:৩৬ এএম

বরিশালের গৌরনদী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদী পৌঁছালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

বরিশালের প্রবেশপথ গৌরনদীতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সড়কের দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রিয় নেতা তারেক রহমানকে মুহুর্মুহু করতালি দিয়ে স্বাগত জানান।

‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজের বুলেট প্রুফ বাস থেকে প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

প্রধানমন্ত্রীর নিষেধ থাকায় তার ছবি সম্বলিত কোনো স্বাগত তোরণ নির্মাণ করা হয়নি। ছিলো না কোনো ব্যানার-ফেস্টুন। 

এর আগে ভোর ৬টায় গুলশানের বাসা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশালে বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচি রয়েছে। কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।

সফরকালে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান।

এরপর দুপুরে জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাড়ে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এছাড়াও বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলের সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সফর।

সূত্র: বাসস

YA
আরও পড়ুন